টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি

 


টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি

গত টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্লাহকে।

কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছিল। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি।

পরে সে সময়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানান, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পরপরই ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড। তবে আইসিসি সেই উদ্বেগকে গুরুত্ব দেয়নি।

গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রতিমন্ত্রী আমিনুল হক এ ঘটনার তদন্তের কথা জানিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই গঠন করা হলো তিন সদস্যের তদন্ত কমিটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ