হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৩৫০

 


হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৩৫০

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ছয়জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

একই সময়ে সারা দেশে আরও ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে একদিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

হাম শনাক্ত হওয়ার পর বরিশালে তিন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গে ঢাকায় তিনজন, খুলনায় দুজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ২৯১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা এখন ৩৫২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৬৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় ৩৩ হাজার ৬৩১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

এছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ