স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতা–কর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান
নির্বাচনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীরাও ব্যক্তি হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে, তাই কোনো ব্যক্তি প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করলে তাঁর নির্বাচনে অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কারণ নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জাহেদ উর রহমান। সেখানে এক সাংবাদিক জানতে চান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যেসব নেতা–কর্মী দেশে অবস্থান করছেন এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন, তাঁদের জন্য সরকার সুযোগ রাখবে কি না।
জবাবে জাহেদ উর রহমান বলেন, একজন ব্যক্তি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলে কোনো সমস্যা নেই। তবে তিনি যদি নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন বা দলীয় পরিচয়কে সামনে আনেন, তাহলে সেটি সমস্যার কারণ হতে পারে। এর বাইরে একজন নাগরিক হিসেবে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার তাঁর রয়েছে।
পরে আরেক সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগের কোনো নেতা যদি এখনো পদ-পদবি বহাল রাখেন, তাহলে তাঁর ক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে। এর জবাবে উপদেষ্টা বলেন, সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পদ-পদবি বাস্তবে ব্যবহার করার সুযোগ নেই। তাই ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনের শর্ত পূরণ করেন এবং প্রার্থী হতে চান, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান।

0 মন্তব্যসমূহ