বাংলাদেশ–ভারত সম্পর্ক

 



বাংলাদেশ–ভারত সম্পর্ক

দিল্লি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করার আশ্বাস দিয়েছে। বুধবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আশ্বাস দেন।

‘গুডউইল ভিজিট’-এর দ্বিতীয় দিনে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্করের সঙ্গে দেড় ঘণ্টার বেশি সময় বৈঠক করেন খলিলুর রহমান। প্রতিনিধিদল পর্যায়ের আলোচনার পাশাপাশি দুজনের মধ্যে একান্ত বৈঠকও হয়। আলোচনায় জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার আগ্রহ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত মেডিকেল ভিসা চালু করাকে অগ্রাধিকার দিচ্ছে ভারত। বৈঠক শেষে জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়েছে এবং শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক আয়োজনের আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এর আগে, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। দুই দেশ বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে ঢাকায় প্রত্যর্পণের অনুরোধও জানানো হয়। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে তারা দিল্লিতে আশ্রয় নেন। ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর দিল্লিতে বৈঠকে প্রথমবার এ ধরনের অনুরোধ তোলা হলো।

খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে, যা পারস্পরিক আস্থা, সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠবে।

জ্বালানি ও সার সরবরাহে অনুরোধ

দিল্লিতে সফরকালে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি-র সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। তিনি সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ করেন। একই সঙ্গে সার সরবরাহ বৃদ্ধির কথাও তোলা হয়। এ বিষয়ে ভারত সরকার দ্রুত ও ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানান পুরি।

দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে নিয়মিত পরামর্শ অব্যাহত রাখার ব্যাপারেও একমত হয়েছে।

কূটনৈতিক যোগাযোগ জোরদার

অন্যদিকে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নীতিন নবীন-এর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তা বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চৌথাইওয়ালের কাছে হস্তান্তর করেন। বৈঠকে বিজেপি নেতা শিশির বাজোরিয়াও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ