পাচার হওয়া অর্থ ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় সংসদে বলেছেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে।
তিনি বলেন, “পাচার হওয়া অর্থ জনগণের সম্পদ। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাই এই অর্থ ফিরিয়ে এনে তা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ব্যয় করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।”
কুমিল্লা-৯ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
রাজশাহী-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের তালিকা সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত করছে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, “বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। অতীতে আমরা দেখেছি, আগের সরকারের অনেকেই নৈতিকতা ও মূল্যবোধ উপেক্ষা করে ইচ্ছামতো কাজ করেছেন।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার দেশের আইন ও আইনগত কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইন মেনে চলতে চাই এবং অভিযুক্তদের আইনের আওতায় বিচার করতে চাই, যাতে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।”
প্রধানমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সরকার বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও উল্লেখ করেন, “অর্থ পাচারকারী ও প্রতারকদের শাস্তি আইনের বিধান অনুযায়ী নির্ধারিত হবে।”

0 মন্তব্যসমূহ