নেপালে ভয়াবহ বন্যায় ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত ১৭
নেপালে তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যার পর ৩৮৪ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির পর্যটন বোর্ড। এ ঘটনায় বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ভ্রমণ সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে বন্যাকবলিত এলাকায় ৩৮৪ জন পর্যটকের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালের নাগরিক।
নিখোঁজ পর্যটকদের অবস্থান শনাক্ত করে তাঁদের নিরাপদে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে দুর্গম ও বন্যাকবলিত এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার তৎপরতা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, ভয়াবহ বন্যার পর বুধবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

0 মন্তব্যসমূহ