আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


 


আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত দলটির নেতৃত্ব জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার জন্য এখনো অনুশোচনা প্রকাশ করেনি।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই ’২৪ শহীদ পরিবার সোসাইটিআমরা জুলাই যোদ্ধা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা দেখা যায়নি। তাঁর ভাষায়, দলটি আন্দোলনকারীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার পাশাপাশি গণ-অভ্যুত্থানকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে।

তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। রাজনৈতিকভাবে তারা পরাজিত হয়েছে। তাদের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।”

রাজনৈতিক দল হিসেবে বিচারের প্রক্রিয়া

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি সরকারসহ বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন সংশোধন করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় রাজনৈতিক দল বা সংগঠনের বিচার করার সুযোগ রয়েছে। তদন্ত শেষ হলে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবেও বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইনুর রায় নিয়ে মন্তব্য

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাদীপক্ষ ওই রায়ে সন্তুষ্ট নয় এবং তারা আপিলের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে ইনুর বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকার দাবি

বক্তব্যে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি পর্দার আড়াল থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, শুরুতে আন্দোলনটি কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকলেও বিএনপি শুরু থেকেই মনে করেছিল, সরকার পরিবর্তন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয়। পরে আন্দোলনকারীদের সেই অবস্থানে আনা সম্ভব হয়েছিল বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

‘জুলাইয়ের চেতনা’ নিয়ে সতর্কবার্তা

জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য চেতনাকে ব্যবহার করলে ইতিহাস তার বিচার করবে।”

তিনি আরও বলেন, সরকার জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তবে সেসব সফল করতে জাতীয় ঐক্য, সহযোগিতা এবং সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ