নতুন বেতনকাঠামো বাস্তবায়নে ঘোষণা, জনপ্রশাসনে বাড়তি বরাদ্দ প্রায় ৫৫ হাজার কোটি টাকা

 


নতুন বেতনকাঠামো বাস্তবায়নে ঘোষণা, জনপ্রশাসনে বাড়তি বরাদ্দ প্রায় ৫৫ হাজার কোটি টাকা

সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম বেতনকাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো কার্যকর করা হবে।

বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতনকাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে অষ্টম বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা। নবম বেতনকাঠামোতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর থেকেই সেই সুপারিশ বাস্তবায়ন শুরু হবে।

এর আগে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছিলেন, নবম বেতনকাঠামোর পূর্ণ বাস্তবায়নে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

বাজেটে কত টাকা রাখা হয়েছে?

বাজেটের ‘সংক্ষিপ্ত-সারে বিবরণী-২খ’-এ পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে কর্মকর্তা, কর্মচারী এবং ভাতা—এই তিন খাতে আগামী অর্থবছরের জন্য মোট ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ দেখানো হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল ৮৫ হাজার ৬৫১ কোটি টাকা। সে হিসাবে বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ১৮৫ কোটি টাকা।

অন্যদিকে ‘বিবরণী-৪’-এ পরিচালন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতা খাতে বরাদ্দ ধরা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা।

তবে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের অর্থ সরাসরি এসব খাতে প্রতিফলিত হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এর মূল বরাদ্দ রাখা হয়েছে বাজেটের ‘বিবরণী-২ক’-এ, যেখানে পরিচালন ও উন্নয়ন বাজেটের সম্পদের ব্যবহার দেখানো হয়েছে।

সেখানে ‘জনপ্রশাসন-নিট’ খাতে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বরাদ্দ বেড়েছে ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা।

অর্থ বিভাগের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই অতিরিক্ত বরাদ্দের মধ্যে অন্তত ৪৪ হাজার কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য নতুন বেতনকাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ