‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’—নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া বার্তা
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক উত্তপ্ত টেলিফোন আলাপে কঠোর ভাষায় কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তাঁর দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যায়িত করেন এবং সতর্ক করে দেন যে তাঁর কর্মকাণ্ডের কারণে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
ইরানের সঙ্গে প্রায় তিন মাস ধরে চলা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও সম্ভাব্য হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ প্রেক্ষাপটে সোমবার দুই নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে তারা লেবাননে সামরিক অভিযান জোরদার করবে এবং প্রয়োজনে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেও হামলা চালাতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। আলোচনার বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা ও একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ‘পাগল’ বলে সম্বোধন করেন এবং তাঁকে ‘অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, তুলনামূলক শান্ত স্বরেই ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর বার্তা দেন। তিনি বলেন, “এখন সবাই আপনাকে ঘৃণা করে। আপনার কারণেই অনেকে ইসরায়েলকেও ঘৃণা করছে।”
অ্যাক্সিওস আরও জানিয়েছে, কথোপকথনের একপর্যায়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তিনি নেতানিয়াহুর ওপর চিৎকারও করেন।
এক মার্কিন কর্মকর্তা জানান, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প একাধিকবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। তবে এবারের আলাপ ছিল আগের যেকোনো সময়ের তুলনায় বেশি “উত্তপ্ত ও তিক্ত”।
অন্যদিকে সিএনএন জানিয়েছে, ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে তিনি অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হতে পারে।
তবে ট্রাম্প ও নেতানিয়াহুর কথিত উত্তপ্ত ফোনালাপ নিয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ফোনালাপের পর ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে তিনি আলোচনাটিকে “ফলপ্রসূ” বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই হামলা বন্ধে সম্মত হবে। পাশাপাশি ইসরায়েলি বাহিনী বৈরুতের দিকে আর অগ্রসর হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
তবে পরে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েলও বৈরুতসহ অন্যান্য এলাকায় সামরিক অভিযান চালাবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে ইসরায়েলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলতে থাকবে।

0 মন্তব্যসমূহ