২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তী সময়ে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করা পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলোর মধ্যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। জেলা প্রশাসকদের কাছ থেকে এসব মামলার জেলাওয়ারি তালিকা চাওয়া হয়েছে। তিনি জানান, দূরবর্তী জেলাগুলোতে মামলার সংখ্যা তুলনামূলক কম হলেও মহানগর এলাকায় বেশি।
এসব মামলা যাচাইয়ের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, অনেক মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। যাচাই-বাছাই করে প্রকৃত আসামিদের চিহ্নিত করা হবে। তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন, যাতে দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়। পাশাপাশি, যাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের অব্যাহতি দেওয়ার সুপারিশও করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, পুরো প্রক্রিয়াটি আইনগতভাবে সম্পন্ন করা হবে। জেলা প্রশাসকদের তথ্য পাঠাতে কত সময় দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তথ্য পাঠাতে বলা হয়েছে। তবে মৌখিকভাবে সর্বোচ্চ এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ দেরি করলে, ন্যায়বিচারের স্বার্থে সেটিও বিবেচনায় নেওয়া হবে।

0 মন্তব্যসমূহ