Subscribe Us

https://today24newsbangladesh.blogspot.com/

pop

Labels

Ads

তিন আসামির জবানবন্দি: অপ্রতিমকে হত্যার পরিকল্পনা হয়েছিল সাত দিন আগে

 

তিন আসামির জবানবন্দি: অপ্রতিমকে হত্যার পরিকল্পনা হয়েছিল সাত দিন আগে

ছবি তোলা ও টিকটক ভিডিও তৈরির সূত্রে অপ্রতিমের সঙ্গে পরিচয় হয়েছিল কয়েকজন কিশোরের। পরে তার আইফোনের প্রতি লোভ তৈরি হয়। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ১৮ সেপ্টেম্বর ছবি তোলার কথা বলে ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে তার কাছ থেকে আইফোনটি নেওয়া হয়। ফোন ফেরত চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে কোদালের হাতল দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়।

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে। তিনজনের বক্তব্যে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নিয়ে যাওয়া এবং আইফোন নেওয়ার বিষয়ে বেশ কিছু মিল রয়েছে। তবে হত্যার সময় কে কী করেছিলেন এবং ঘটনার পর কে কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে তাদের বক্তব্যে কিছু পার্থক্য রয়েছে।

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর ২০ সেপ্টেম্বর রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আগের শুক্রবারই হত্যার পরিকল্পনা

তিনটি জবানবন্দির মধ্যে হত্যার পরিকল্পনা সম্পর্কে সবচেয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তুহিন। তাঁর ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের সঙ্গে তাঁর পাঁচ-ছয় মাসের পরিচয় ছিল। তাঁর বন্ধু সিয়ামের মোটরসাইকেলে করে ছবি তোলা ও টিকটক ভিডিও তৈরির জন্য অপ্রতিম মাঝে মাঝে তাঁদের সঙ্গে বের হতো।

তুহিন বলেন, অপ্রতিমের আইফোনের প্রতি তাঁর এবং অপ্রতিমের বাবার দোকানে কাজ করা এক কিশোরের লোভ তৈরি হয়। ঘটনার আগের শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কিছুটা সামনে তাঁদের দেখা হয়। সেখানেই আইফোন নেওয়া এবং অপ্রতিমকে হত্যার পরিকল্পনা করা হয় বলে তুহিনের জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

অপ্রতিমের বাবার দোকানে কাজ করা ওই কিশোরও আগের শুক্রবারের ওই বৈঠকের কথা বলেছে। তবে সে পরিকল্পনার মূল দায় তুহিনের ওপর দিয়েছে। তার বক্তব্য অনুযায়ী, তুহিনই আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যার পরিকল্পনা করেন।

অন্য কিশোরের জবানবন্দিতে বলা হয়েছে, ঘটনার দিন বিকেলে তার বন্ধু তাকে জানায় যে তুহিনের সঙ্গে মিলে আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা করা হবে।

অর্থাৎ, তিন আসামির বক্তব্যেই একটি বিষয় উঠে এসেছে—হত্যার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া হয়নি। আইফোন নেওয়ার উদ্দেশ্যে আগেই পরিকল্পনা করা হয়েছিল।

টিকটকে যোগাযোগ, পরদিন দেখা করার সিদ্ধান্ত

তুহিনের জবানবন্দি অনুযায়ী, হত্যার আগের দিন ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ময়নামতির একটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অপ্রতিমের সঙ্গে তাঁর দেখা হয়। তখন অপ্রতিম তাঁকে নিজের টিকটক অ্যাকাউন্টের ঠিকানা দেয়।

সেই রাতেই তুহিন টিকটকের মাধ্যমে অপ্রতিমকে মেসেজ করেন। পরে অপ্রতিম একটি মুঠোফোন নম্বর দিলে ওই নম্বরে তাঁদের কথা হয়। পরদিন জুমার নামাজের পর দেখা করার সিদ্ধান্ত হয়।

অপ্রতিম তার বাবার দোকানে কর্মরত কিশোরকেও একই সময়ে আসতে বলেছিল বলে তুহিনের জবানবন্দিতে উল্লেখ রয়েছে। পরিকল্পনা ছিল ছবি তোলার। এই পরিচয় ও ছবি তোলার সম্পর্ককেই কাজে লাগিয়ে অপ্রতিমকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয় বলে তিন আসামির বক্তব্য থেকে জানা যায়।

আলাদা পথে পাহাড়ে যায় চারজন

১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অপ্রতিমের সঙ্গে তুহিনের দেখা হয়। তুহিনের ভাষ্য অনুযায়ী, তিনি কৌশলে অপ্রতিমকে সানন্দা পশ্চিমপাড়ার দিকে নিয়ে যান। ওই এলাকায় তাঁর চাচা শাহ আলমের একটি পাহাড় রয়েছে বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি।

অন্যদিকে, অপ্রতিমের বাবার দোকানে কর্মরত কিশোরটি জানায়, বেলা দুইটার পর কোটবাড়ির বোর্ড মার্কেট এলাকায় অপ্রতিমের সঙ্গে তার দেখা হয়। পরে বিকেলের দিকে সে তার আরেক কিশোর বন্ধুকে নিয়ে পাহাড়ে যায়। সেখানে যাওয়ার আগেই সে বন্ধুকে হত্যার পরিকল্পনার কথা জানায়।

তৃতীয় কিশোরের বক্তব্যও প্রায় একই। তার ভাষ্য অনুযায়ী, বেলা ৩টা ৪০ মিনিটের দিকে একটি স্কুলের সামনে তার বন্ধুর সঙ্গে দেখা হয়। সেখানেই সে হত্যার পরিকল্পনার কথা জানতে পারে। এরপর বিকেল চারটার পর তারা পাহাড়ে যায় এবং সেখানে অপ্রতিম ও তুহিনকে বসে থাকতে দেখে।

চারজন এক জায়গায় হওয়ার পর কিছু সময় গল্প ও আড্ডা হয়েছিল—তিনটি জবানবন্দিতেই এর উল্লেখ রয়েছে।

প্রথমে নেওয়া হয় আইফোন

অপ্রতিমের বাবার দোকানে কাজ করা কিশোরটি জানায়, সে অপ্রতিমের কাছে ফোন চাইলে অপ্রতিম সেটি তাকে দেয়। কিছুক্ষণ ব্যবহারের পর সে ফোনটি তুহিনের হাতে দেয়।

তুহিনের বক্তব্যেও একই ধরনের তথ্য রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই কিশোর অপ্রতিমের কাছ থেকে আইফোন নিয়ে কিছুক্ষণ ব্যবহার করার পর ফোনটি তুহিনের হাতে দেয়। এরপর ফোন ফেরত নেওয়াকে কেন্দ্র করে অপ্রতিম ও তুহিনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

তিন আসামির জবানবন্দিতে আরও একটি বিষয় প্রায় একইভাবে এসেছে—প্রথম আঘাতটি করেন তুহিন।

তুহিনের ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে অপ্রতিমকে একটি থাপ্পড় দেন। পরে পাশে পড়ে থাকা কোদালের হাতল নিয়ে তার মাথায় আঘাত করেন। এরপর অন্য দুজনকেও মারতে বলেন।

অপ্রতিমের বাবার দোকানে কর্মরত কিশোরটিও বলেছে, তুহিনের সঙ্গে অপ্রতিমের ঝগড়ার একপর্যায়ে তুহিন কোদালের হাতল দিয়ে প্রথমে অপ্রতিমের মাথায় আঘাত করেন।

অন্য কিশোরের জবানবন্দিতেও বলা হয়েছে, তুহিনই প্রথম কোদালের হাতল দিয়ে অপ্রতিমকে আঘাত করেন।

আইফোন বিক্রি করে টাকা ভাগ করার পরিকল্পনা

তিন আসামির বক্তব্যে হত্যার উদ্দেশ্য হিসেবেও আইফোনের বিষয়টি উঠে এসেছে।

তুহিন বলেছেন, অপ্রতিমের আইফোনের প্রতি তাঁদের লোভ তৈরি হয়েছিল।

দ্বিতীয় কিশোরের জবানবন্দি অনুযায়ী, পরিকল্পনা ছিল আইফোনটি বিক্রি করার পর পাওয়া টাকা ভাগ করে নেওয়া। তৃতীয় কিশোরও একই ধরনের বক্তব্য দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তাকে বলা হয়েছিল আইফোন বিক্রি করে পাওয়া টাকা তাকে ভাগ দেওয়া হবে।

হত্যার পর কে কোথায় যায়

অপ্রতিমের মৃত্যুর পর আসামিরা কে কোথায় গিয়েছিল, সে বিষয়ে জবানবন্দিগুলোতে কিছু পার্থক্য রয়েছে।

তুহিন বলেছেন, অপ্রতিম মারা যাওয়ার পর অন্য দুজন একদিকে চলে যায় এবং তিনি অন্যদিকে গিয়ে বাসায় ফেরেন।

দ্বিতীয় কিশোরের বক্তব্য অনুযায়ী, অপ্রতিম মারা যাওয়ার পর সে ও তার বন্ধু একসঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে। তখন তুহিন সেখানে দাঁড়িয়ে ছিলেন।

তৃতীয় কিশোরও জানিয়েছে, সে ও তার বন্ধু একসঙ্গে চলে আসে এবং তুহিন অন্যদিকে চলে যান।

তবে তিনজনের বক্তব্যেই একটি বিষয় উঠে এসেছে—অপ্রতিমের আইফোনটি শেষ পর্যন্ত তুহিনের কাছেই ছিল।

সিয়ামকে ঘিরে নতুন তথ্য

তুহিনের জবানবন্দিতে তাঁর বন্ধু মো. সিয়াম (১৯) সম্পর্কেও তথ্য এসেছে।

তুহিনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর বাসায় ফিরে তিনি সিয়ামকে ফোন করে ডেকে আনেন এবং তাকে পুরো ঘটনা জানান। তবে অপ্রতিমকে হত্যার আগের পরিকল্পনার সঙ্গে সিয়ামের সম্পৃক্ততার কথা অন্য দুই আসামির জবানবন্দিতে পাওয়া যায়নি।

পুলিশ পরে সিয়ামকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি। তবে ঘটনার কথা জানার পর তা গোপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যার দিন রাতেই তুহিন সিয়ামের সঙ্গে দেখা করে তাকে ঘটনাটি জানান।

পরদিন অপ্রতিমকে খুঁজতে যায় কয়েকজন

জবানবন্দিগুলোতে হত্যার পরের দিনের ঘটনাও উঠে এসেছে।

তুহিন বলেছেন, পরদিন সকালে অপ্রতিমের মামা তাঁকে ফোন করে অপ্রতিমের খোঁজ করেন। এরপর তিনি সিয়ামকে সঙ্গে নিয়ে কোটবাড়ি এলাকায় অপ্রতিমকে খুঁজতে যান।

অপ্রতিমের বাবার দোকানে কর্মরত কিশোরটি জানিয়েছে, পরদিন সে অপ্রতিমের বাবার একজন সহকারীর সঙ্গে তাকে খুঁজতে বের হয়। পরে মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেও ঘটনাস্থলে যায়।

অন্য কিশোরের ভাষ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের পর সে ও তার বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট দেয়।

এরই মধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তুহিনকে শনাক্ত করে। তাকে জিজ্ঞাসাবাদের পর অন্যদের বিষয়ে তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

তদন্ত ও বিচারপ্রক্রিয়া চলছে

অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

২০ সেপ্টেম্বর তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর পুলিশ জানিয়েছে, তাদের বক্তব্য অন্যান্য তথ্যপ্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হবে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

তিন আসামির জবানবন্দি পাশাপাশি বিশ্লেষণ করলে অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয়, আইফোনের প্রতি আগ্রহ, পূর্বপরিকল্পনা, তাকে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং পরে হামলার বিষয়ে বেশ কিছু মিল পাওয়া যায়। তবে প্রত্যেকের ভূমিকা এবং হত্যাকাণ্ডের পুরো ঘটনাক্রম তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় আরও স্পষ্ট হবে।

কোন মন্তব্য নেই: