দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে।
রোববার সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এসব মিছিল ও মহড়া অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। কয়েকজনের মাথায় হেলমেটও ছিল। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের আয়োজন করা হয়। পরে তাঁরা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়।
পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্র হয়। সেখান থেকে তাঁরা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কার্যালয়টি খুলে নেতা-কর্মীরা সেখানে উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল নিয়ে যাওয়ার পথে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালানো হয়। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়।
একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়। এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা।
এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস এবং একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। সাঁজোয়া যানটির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লেখাও হয়।
নিষিদ্ধ আওয়ামী লীগের এই কর্মসূচির কারণে সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়েনি।
এ বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, আগুন
এর আগে শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় এবং কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছিলেন বিএনপি নেতারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে প্রথমে হামলা চালানো হয়। পরে দোকানগুলোতে আগুন দেওয়া হয়।
এরপর উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাতে অভিযোগ করেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন