নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি আর বেঁচে নেই, জানালেন ভাই
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই বলে জানিয়েছেন তাঁর ভাই জাহিদ হাসান প্রান্ত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তবে এখনো বৃষ্টির মরদেহ উদ্ধার করা যায়নি।
এর আগে শুক্রবার ফ্লোরিডার স্থানীয় পুলিশ নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা করছিলেন। নিখোঁজ হওয়ার আগের দিন তাঁদের সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহিদ হাসান লেখেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ পোস্টটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাহিদ হাসান গণমাধ্যমকে জানান, ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি নিশ্চিত করেছে যে ঘটনাটি দুইজনকে ঘিরেই এবং আরেকটি মরদেহ গোপন করার চেষ্টা করা হচ্ছিল।
তিনি আরও জানান, পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারছে না যে বৃষ্টির পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কি না।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃষ্টির বাসায় রক্তাক্ত অবস্থায় পাওয়া দেহের একটি অংশের সঙ্গে তাঁর ডিএনএর মিল পাওয়া গেছে। তবে সম্পূর্ণ মরদেহ উদ্ধারের বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এর আগে জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট ছিলেন। তাঁকে তাঁর পারিবারিক বাসা থেকে আটক করা হয়।

0 মন্তব্যসমূহ