Subscribe Us

https://today24newsbangladesh.blogspot.com/

pop

Labels

Ads

ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন পেতে হতে পারে গাদি বা নেতানিয়াহুকে


 

ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন পেতে হতে পারে গাদি বা নেতানিয়াহুকে

ইসরায়েলের ২০২৬ সালের পার্লামেন্ট নির্বাচন শেষে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব রাজনৈতিক দলগুলো। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। গতকাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। কিন্তু নির্বাচনে কোনো পক্ষই এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব দল সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন। তাদের সমর্থন বা বিরোধিতার ওপরই নির্ভর করতে পারে পরবর্তী সরকারের গঠন।

নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেয়েছে। এর মাধ্যমে দলটি নেসেটের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

তবে নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁকে বেশ কিছু রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির অভিযোগে তাঁকে বিচারের মুখোমুখি হওয়ার পাশাপাশি জবাবদিহি করতে হতে পারে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলার সময় দেশটির নিরাপত্তাব্যবস্থায় কী ধরনের ব্যর্থতা ছিল, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সম্ভাবনাও রয়েছে।

আরব দলগুলো সরাসরি সরকারে যোগ না দিলেও পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী জোটকে সমর্থন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন স্পিকার নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আগেই পার্লামেন্টের কার্যক্রম ও আইন পাসের প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে তারা।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট শর্তসাপেক্ষে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর দ্বিতীয় শীর্ষ নেতা আহমদ তিবি আর্মি রেডিওকে জানিয়েছেন, নতুন পার্লামেন্টের স্পিকার নিয়োগ নিয়ে আলোচনার জন্য বিরোধী জোট তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, আরব দলগুলো বিরোধী জোটের মনোনীত প্রার্থীকেই সমর্থন দেবে।

তবে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে না পারলে আগামী বছরের শুরুর দিকে ইসরায়েলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহুর দল কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেছে, বিদেশি শক্তির সহায়তায় আরব দলগুলো নির্বাচনে কারচুপি করেছে।

অন্যদিকে, বিরোধী দলগুলো এই অভিযোগের পাল্টা জবাব দিয়ে বলেছে, নেতানিয়াহু আরব জনগোষ্ঠীকে খাটো করার চেষ্টা করছেন এবং নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করে ঐতিহাসিক এই ফলাফলের বৈধতা নষ্ট করতে চাইছেন।

কোন মন্তব্য নেই: