ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের ব্যাখ্যায় অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

 




ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের ব্যাখ্যায় অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বুধবার প্রথম আলোকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয়ই বেশি রয়েছে।

মুঠোফোনে দেওয়া প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল যে জবাব দিয়েছে, তা আমি পড়েছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে সেখানে নানা ধরনের বক্তব্য রয়েছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “আগামীকাল এ বিষয়ে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। সংক্ষেপে বলতে গেলে, আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া জবাবে আমি সন্তুষ্ট নই।”

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে জারি করা ওই নোটিশে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

এর আগে গত শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। তদন্তে যে তথ্য-প্রমাণ উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ