পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প অনুমোদন


 


৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প অনুমোদন

পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জুলাই মাস থেকে প্রকল্পের কাজ শুরু হবে এবং ২০৩৩ সালের জুন মাসে তা শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানিসম্পদ মন্ত্রণালয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী Tarique Rahman।

প্রকল্প নথি অনুযায়ী, রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারাজ নির্মাণ করা হবে। পদ্মা নদীর ওপর নির্ভরশীল দেশের প্রায় ৩৭ শতাংশ এলাকার পানিসংকট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে পানিপ্রবাহ বৃদ্ধি করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি নদীকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি Sundarbans অঞ্চলে লবণাক্ততা কমানো, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজকের একনেক সভায় মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ১টি প্রকল্পের।

সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে—চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন), গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন), জেলা শহরে বিদ্যমান মা ও শিশুকল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যাবিশিষ্ট কেন্দ্রে উন্নীতকরণ বা পুনর্নির্মাণ (প্রথম পর্যায়), হাইটেক সিটি-২–এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন), সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস নির্মাণ বা পুনর্নির্মাণ (২য় সংশোধন), সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা থেকে সাগরিকা) নির্মাণ (৫ম সংশোধিত) এবং ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধন)।

সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী Mirza Fakhrul Islam Alamgir, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী Iqbal Hasan Mahmud, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী Mohammad Amin Ur Rashid এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্যমন্ত্রী Khandaker Abdul Muqtadir প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ