হামের টিকা নিয়ে গাফিলতি ছিল কি না তদন্তে কমিটি, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রী Tarique Rahman–এর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা Jahed Ur Rahman জানিয়েছেন, হামের টিকা নিয়ে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টিকা ও স্বাস্থ্যখাতে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে। খুব দ্রুতই কমিটির কাজ শুরু হবে বলে তিনি জানান।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশে প্রতিদিনই হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এ পর্যন্ত হামের উপসর্গে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে অভিযোগ উঠেছে, বিগত সরকারের আমলে হামের টিকার সংকট তৈরি হয়েছিল।
এর আগে ৫ মে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছিলেন, হামের টিকা নিয়ে আগের সরকারের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ তদন্ত করার চেষ্টা চলছে।
আজকের ব্রিফিংয়ে সাংবাদিকেরা জানতে চান, তদন্তে কোন সময়কাল অন্তর্ভুক্ত হবে, কারা কমিটিতে থাকবেন এবং কী কী বিষয় খতিয়ে দেখা হবে।
জবাবে উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে যে রাষ্ট্রীয় ব্যক্তি-প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিকভাবে যারা টিকা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাদের সমন্বয়েই কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের পর সদস্যদের নাম জনগণকে জানানো হবে। আমরা আশা করছি খুব দ্রুতই কাজ শুরু হবে।’
তিনি আরও বলেন, তদন্ত কমিটি মূলত খতিয়ে দেখবে কী কারণে টিকা সরবরাহে ঘাটতি তৈরি হলো এবং কখন থেকে এই অবহেলা শুরু হয়।
উপদেষ্টা বলেন, ‘পেছনের হিসাব করলে বোঝা যাবে অবহেলা কখন থেকে শুরু হয়েছে। সেটা যদি Awami League সরকারের সময় হয়ে থাকে, সেটাও তদন্তে উঠে আসবে। অন্তর্বর্তী সরকারের সময়ের কিছু তথ্যও আমাদের সামনে এসেছে। আমরা UNICEF–এর প্রতিনিধিকে প্রকাশ্যে বলতে শুনেছি, সরকার যেভাবে টিকা ক্রয়ের উদ্যোগ নিয়েছিল, তা সংকট তৈরি করতে পারে বলে তারা সতর্ক করেছিল। তবে তাঁর বক্তব্যই যে শতভাগ সঠিক, তা নয়। তদন্ত কমিটি সব বিষয় যাচাই–বাছাই করেই দেখবে।’

0 মন্তব্যসমূহ