ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে

 


ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি পেট্রলপাম্পে অপ্রয়োজনীয় ভিড় ও দীর্ঘ লাইনে দাঁড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রলপাম্পে ভিড় করে তেল নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গাড়িচালকসহ সাধারণ জনগণ যেন প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনেন। অতিরিক্ত মজুতের কারণে ভিড় ও দীর্ঘ লাইন তৈরি হয়।

মন্ত্রী জানান, গত বছরের তুলনায় এ বছর প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, ঈদের দিন ও পরের দিন সরকারি ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় সাময়িকভাবে সরবরাহ ব্যাহত হয়েছিল। ফলে কিছু পেট্রলপাম্পে স্বল্পতা দেখা দিতে পারে। তবে আজ সকাল থেকেই ডিপোগুলো আবার চালু হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক হচ্ছে।

শেষে তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, তেল নিয়ে কোনো সংকট হবে না। অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার আহ্বান জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ