দুই কার্গো এলএনজি কিনছে সরকার

 

স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

খোলাবাজার বা স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান TotalEnergies Gas & Power Limited এই এলএনজি সরবরাহ করবে।

বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে গণখাতে ক্রয় বিধিমালা–২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হবে।

প্রতি কার্গোয় থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারিত হয়েছে ১৯ দশমিক ৭৭ মার্কিন ডলার। সে হিসেবে দুই কার্গোর মোট ব্যয় হবে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ টাকা। একটি কার্গো ২৪–২৫ এপ্রিল এবং অন্যটি ২৭–২৮ এপ্রিল দেশে পৌঁছাবে।

এর আগে ১১ মার্চ একই প্রতিষ্ঠান থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছিল, যেখানে প্রতি এমএমবিটিইউর দাম ছিল ২১ দশমিক ৫৮ ডলার। ফলে বর্তমানে দাম কিছুটা কমেছে। তবে গত বছরের ৯ ডিসেম্বর এই প্রতিষ্ঠান থেকেই এলএনজি আমদানিতে প্রতি এমএমবিটিইউর খরচ ছিল ১০ দশমিক ৩৭ ডলার।

এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে সরবরাহের লক্ষ্যে Trading Corporation of Bangladesh (টিসিবি)-এর জন্য এক কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। সরবরাহের দায়িত্ব পেয়েছে Shabnam Vegetable Oil Industries Limited।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ