নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ডিম নিক্ষেপ,

 


পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ডিম নিক্ষেপ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়। নাহিদ ইসলাম এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ঘটনার দায় অস্বীকার করা আরও বেশি ন্যক্কারজনক। তাঁর অভিযোগ, কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা করেছে, যা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে সংঘটিত হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, একদিকে মঞ্চে উঠে সৌজন্যমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করা হচ্ছে। তিনি নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন ও বিএনপির কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বলেন, এর জবাব তারা রাজপথে ও ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেবেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, পুরো সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের একটি পথসভায় তাঁর ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। তখন তিনি এ ঘটনার জন্য চাঁদাবাজদের দায়ী করেছিলেন। তিন দিনের ব্যবধানে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজে পৌঁছালে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাঁকে ঘিরে ধরে। পরে তিনি কর্মীদের সঙ্গে কলেজের একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। এ সময় তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। তাঁর কর্মীরা তখন ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

ঘটনার পর সাংবাদিকদের কাছে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরাই এই হামলা চালিয়েছে। তিনি বলেন, তারা প্রকৃত ছাত্রদল নয়; মির্জা আব্বাসের আলাদা বাহিনী এখানে কাজ করছে।

হামলার প্রতিবাদে দুপুর ২টার দিকে ফকিরেরপুল মোড়ে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সঙ্গে নিয়ে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি জানান, হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন এবং এ ঘটনার জন্য তারেক রহমান ও মির্জা আব্বাসকে দায়ী করেন।

২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এনসিপি জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সেই সমঝোতার অংশ হিসেবে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে গণসংযোগ চালাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ