৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোট গ্রহণের দুই দিন আগে মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।
আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তবে ৩০০ আসনের মধ্যে এক আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।
ইসি জানায়, দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে আগেই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কতটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে—এর সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বুধবার জানানো হবে।
সিসি ক্যামেরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশে এর আগে কখনো এত বিপুলসংখ্যক ফোর্স ও সক্ষমতা একসঙ্গে মোতায়েন করা হয়নি। তাই নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তারপরও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
তিনি জানান, গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে ৮৫০টি অস্ত্র উদ্ধার করেছে। ‘আমাদের ধারণা, এসব অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ নির্বাচনে অপব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল,’ বলেন তিনি।
ভোটের দিন ১২ ফেব্রুয়ারি প্রতি দুই ঘণ্টা পরপর নির্বাচনসংক্রান্ত সার্বিক পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হালনাগাদ তথ্য দেওয়া হবে বলেও জানান কমিশনার সানাউল্লাহ।

0 মন্তব্যসমূহ